হরমুজ প্রণালিতে নিরাপদ বাণিজ্যিক নৌ চলাচল নিশ্চিত করার বিষয়ে আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সোমবার (১৪ সেপ্টেম্বর) ওমানের রাজধানী মাসকটে হওয়ার কথা ছিল। তবে সৌদি আরবের অনুরোধে বৈঠকটি বাতিল হয়েছে বলে দাবি করেছে ইরান।
সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানান।
তিনি বলেন, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান ও ওমানের মধ্যে একটি সমঝোতা চূড়ান্ত হয়েছে। কয়েক সপ্তাহ ধরে চলা আলোচনার পর দুই উপকূলীয় দেশ এই সমঝোতায় পৌঁছেছে।
বাঘাই জানান, সমঝোতার বিষয়টি কীভাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা বা নথিভুক্ত করা হবে, তা ওমানের সঙ্গে পরামর্শের মাধ্যমে পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।
ইরানের এই মুখপাত্র বলেন, হরমুজের মতো সংবেদনশীল নিরাপত্তা ইস্যুতে তেহরান কোনো একটি বিষয় বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেয় না। আঞ্চলিক পরিস্থিতি, সংশ্লিষ্ট দেশগুলোর আচরণ এবং নিরাপত্তার বিভিন্ন দিক বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়।
তার মতে, মাসকাটে প্রস্তাবিত বৈঠকটি ইরান ও ওমানের উদ্যোগে আঞ্চলিক দেশগুলোর জন্য একটি সুযোগ তৈরি করেছিল। সংশ্লিষ্ট দেশগুলোর এই সুযোগ কাজে লাগানো উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।
বাঘাই বলেন, আঞ্চলিক সংকট নিরসনে ইরান ধারাবাহিকভাবে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে। মুসলিম দেশগুলোর মধ্যে সংঘাত দীর্ঘায়িত হলে তা শেষ পর্যন্ত ইসরায়েলের স্বার্থকেই শক্তিশালী করবে বলেও দাবি করেন তিনি।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বৈশ্বিক তেল সরবরাহের উল্লেখযোগ্য একটি অংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সামরিক উত্তেজনা শুরুর পর নিরাপত্তা ও সার্বভৌমত্বের কথা উল্লেখ করে হরমুজে নৌ চলাচলে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে ইরান। এরপর নিরাপদ জাহাজ চলাচল পুনঃপ্রতিষ্ঠার উপায় নিয়ে প্রায় তিন মাস ধরে ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে আসছে তেহরান।
গত ২৫ আগস্ট দুই দেশ জানায়, ধাপে ধাপে একটি নতুন সামুদ্রিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার বিষয়ে আলোচনা চলছে। প্রাথমিক পরিকল্পনায় অস্থায়ী যৌথ সামুদ্রিক করিডোর চালু এবং যৌথ মাইন অপসারণ কার্যক্রমের বিষয়ও রয়েছে।
এই কাঠামোর লক্ষ্য উপকূলীয় দেশগুলোর সার্বভৌম অধিকার অক্ষুণ্ন রেখে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা। স্থায়ী নৌ করিডোর এবং ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে পরবর্তী সময়ে কারিগরি আলোচনা চালিয়ে যাওয়ার কথা রয়েছে।
এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, পারস্য উপসাগরীয় উপকূলীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক পরবর্তী তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে। কয়েকটি আঞ্চলিক দেশের অনুরোধের পর ইরান ও ওমান যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়।
সূত্র: প্রেসটিভি