মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত ৩৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এর আগে গত ৩১ আগস্ট বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটির রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের রমজানের ছুটিতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে যায় শিশুটি। সেখানে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করেন এবং হত্যার চেষ্টা চালান বলে মামলায় অভিযোগ আনা হয়।
গুরুতর আহত অবস্থায় শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর শিশুটির পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বিচার দ্রুত সম্পন্ন করে মাত্র ১৩ কার্যদিবসের মধ্যে রায় দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
গত ১৭ মে দেওয়া ওই রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়। একই মামলার অপর তিন আসামিকে খালাস দেন ট্রাইব্যুনাল।
পরবর্তীতে মামলাটি হাইকোর্টে গেলে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখা হয়। এবার সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হলো।