নৌপথে দুর্ঘটনা কমানো ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এক ইঞ্জিনবিশিষ্ট লঞ্চ চলাচল নিরুৎসাহিত করছে সরকার। এর পরিবর্তে মালিকদের দুই ইঞ্জিনবিশিষ্ট লঞ্চ পরিচালনায় উৎসাহ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, নৌপথে দুর্ঘটনা কমানো এবং বর্ষা ও দুর্যোগপূর্ণ সময়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌ-মন্ত্রণালয়ের জারি করা স্থায়ী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
তিনি জানান, বর্তমানে যাত্রীবাহী লঞ্চ বহরে আধুনিক সুবিধাসম্পন্ন বড় আকারের নৌযান যুক্ত হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমেছে।
নৌ দুর্ঘটনা প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের আগে নৌযান ছাড়ার জন্য রুট ডিক্লারেশন ব্যবস্থা চালু রয়েছে। পাশাপাশি যাত্রীদের সতর্ক করতে নৌ সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার এবং টার্মিনালগুলোতে মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা বাড়ানো হচ্ছে।
তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ নদীবন্দরগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অতিরিক্ত যাত্রী বহন করলে সংশ্লিষ্ট নৌযানের যাত্রা বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়।
এ ছাড়া ফিটনেসবিহীন ও নিবন্ধনহীন নৌযানের চলাচল বন্ধে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
নৌপথকে আরও নিরাপদ করতে আধুনিক প্রযুক্তি, উন্নত মানের নৌযান এবং কার্যকর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান নৌমন্ত্রী।