চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে এ কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
চীন আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টারের (সিইএনসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর তিব্বতের নাগকু অঞ্চলের একটি উচ্চ পার্বত্য কাউন্টিতে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৮টা ৩৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। সিইএনসি জানিয়েছে, কেন্দ্রস্থলের পাঁচ কিলোমিটারের মধ্যে ভূমির গড় উচ্চতা প্রায় ৪ হাজার ৮৬৪ মিটার। স্থানীয় এলাকায় কম্পনটি স্পষ্টভাবে অনুভূত হয়।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত।
তবে ভূমিকম্পের পরপরই বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মন্তব্যসমূহ