আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ না করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে নির্বাচনে হট্টগোল কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের শোলাগাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, নির্বাচনে জনগণ তাঁদের পছন্দের প্রার্থীকে অবাধে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন। ভোটাধিকার নিশ্চিত করা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সরকারের অঙ্গীকার। দলীয় পরিচয়ের কারণে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে থাকবে সরকার।
নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে দলীয় পরিচয় বিবেচনায় ছাড় দেওয়া হবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দলের সুনাম অক্ষুণ্ন রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজন অনুযায়ী কঠোর অবস্থান নেবেন।
সমাবেশে বক্তব্যের একপর্যায়ে মীর শাহে আলম আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোটও চান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সব অঞ্চলে সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে দাবি করেন মীর শাহে আলম। তাঁর ভাষ্য, কোনো একটি নির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করে নয়, বরং দেশের প্রতিটি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন সরকারের লক্ষ্য।
তিনি জানান, বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষা, যোগাযোগব্যবস্থা ও স্থানীয় অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কাজ করা হচ্ছে।
দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় জিয়াউর রহমানের পরিবারের অবদানের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তাঁর দাবি, দেশের সংকট ও সম্ভাবনার বিভিন্ন সময়ে জিয়া পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করা হচ্ছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ