বাংলাদেশের জনপ্রিয় ওয়েব সিরিজ আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছে দিতে নেটফ্লিক্সের সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই। এই চুক্তির আওতায় বাংলাদেশের আলোচিত সিরিজ ‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’সহ হইচইয়ের বিভিন্ন কনটেন্ট যুক্ত হবে নেটফ্লিক্সের বৈশ্বিক ক্যাটালগে। আগামী দুই বছরে হইচইয়ের প্রশংসিত সিরিজ ও নতুন অরিজিনাল গল্প হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় দেখার সুযোগ পাবেন দর্শকেরা।
চুক্তির আওতায় স্থান পাচ্ছে আশফাক নিপুন পরিচালিত থ্রিলার সিরিজ ‘মহানগর’ এবং অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘বোহেমিয়ান ঘোড়া’ (শাদী কা সিয়াপ্পা)। এর মাধ্যমে বাংলাদেশের প্রযোজনাগুলো আন্তর্জাতিক পরিসরে আরও বিস্তৃত দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে।
এই অংশীদারিত্বের তালিকায় আরও রয়েছে ‘ম্যাডাম ইন্সপেক্টর’, ‘সম্পূর্ণা’, ‘লজ্জা’, ‘একেন’, ‘অজানা ছায়া’, ‘দ্য কার্স অব পারনাশাবাড়ী’, ‘ব্লাডলাইনস’, ‘দ্য অ্যাডভেঞ্চার্স অব দাদি অ্যান্ড জাগগা’, ‘রাত অভি বাকী হ্যায়’, ‘অচিন্ত্য: ট্রায়াল বাই ল’জ’, ‘কুইন্স’ এবং ‘পরিণীতা: এ লাভ স্টোরি’।
হইচইয়ের নতুন অরিজিনাল কনটেন্ট নিজেদের প্ল্যাটফর্মে মুক্তির পাশাপাশি একই সময়ে নেটফ্লিক্সেও প্রকাশ করা হবে। সেখানে সিরিজগুলো হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় ডাবিং করা থাকবে।
এই উদ্যোগের অংশ হিসেবে আসছে লোককথাভিত্তিক হরর সিরিজ ‘দ্য কার্সড টেম্পল অব কৌরিবুড়ি’। জিতু কামাল, শোলাঙ্কি রায় ও পাওলি দাম অভিনীত সিরিজটি আগামী ৬ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। পরবর্তী মাসগুলোতেও নতুন কনটেন্ট যুক্ত হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ছাড়া হইচই স্টুডিওর প্রযোজনায় নতুন কিছু অরিজিনাল সিরিজ তৈরির পরিকল্পনাও রয়েছে। এসব প্রকল্পে হইচইয়ের পরিচিত গল্পগুলো নতুন আঙ্গিক ও ভিন্ন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করা হবে। নতুন প্রযোজনাগুলোর বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
তবে অংশীদারিত্বের আওতায় উল্লিখিত সব কনটেন্টের নির্দিষ্ট মুক্তির সময়সূচি প্রতিবেদনে বিস্তারিতভাবে জানানো হয়নি।
মন্তব্যসমূহ