বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বুকে তীব্র ব্যথা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন এবং বর্তমানে মাল্টি ডিসিপ্লিনারি চিকিৎসা চলছে।
বুধবার (২১ অক্টোবর) রাতে তাঁকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাঁর হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) মঈন খানকে দেখতে হাসপাতালে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে মঈন খানের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন।
একই দিন বিকেলে তাঁকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি চিকিৎসাধীন নেতার শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারসহ অন্য চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
এদিকে ড. আবদুল মঈন খানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
মন্তব্যসমূহ