হরমুজ প্রণালির সুরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করা একটি মার্কিন সামরিক মানববিহীন স্পিডবোট ড্রোনে (ইউএসভি) হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী।
রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের নৌবাহিনী হরমুজ প্রণালির সুরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করা একটি মার্কিন সামরিক ইউএসভিকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে।
বিবৃতিতে আইআরজিসি দাবি করে, শত্রুপক্ষের যেকোনো তৎপরতার ওপর তারা ঘনিষ্ঠ নজর রাখছে এবং প্রয়োজন হলে কঠোর জবাব দেওয়া হবে।
ইরানের এই বাহিনী আরও বলেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বর্তমানে ইরানের ব্যবস্থাপনায় রয়েছে এবং সেখানে বিদেশি সামরিক তৎপরতা প্রতিহত করা হবে।
এর আগে আইআরজিসি দাবি করেছিল, তারা যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরি ও একটি নৌবাহিনীর ডেস্ট্রয়ার লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের দাবি, হামলার পর মার্কিন যুদ্ধজাহাজ দুটি ওই এলাকা ছেড়ে যায়।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, মার্কিন যুদ্ধজাহাজ দুটি ইরানি জাহাজকে অনুসরণ করছিল এবং সামুদ্রিক অবরোধ কার্যক্রমে অংশ নিয়েছিল। তবে এসব দাবির স্বাধীন কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এই জলপথকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা রয়েছে।