কলম্বিয়ার একটি সামরিক ঘাঁটিতে গেরিলাদের ড্রোন হামলায় তিন সেনা নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার (৫ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।
এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, হামলায় অন্তত দুই সেনা নিহত ও পাঁচজন আহত হয়েছেন। পরে হতাহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়ায়।
শুক্রবার কাতাতুম্বো অঞ্চলে এই হামলা চালানো হয়। দেশটির সেনাবাহিনীর দাবি, ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে।
সামরিক কর্মকর্তাদের বরাতে জানা গেছে, বিস্ফোরকবোঝাই অন্তত ২০টি ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়। হামলার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, ইএলএন যতবার সেনা ও পুলিশ সদস্যদের হত্যা করবে, রাষ্ট্র ততবার তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করবে।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী হোর্হে মোরা হামলার স্থান পরিদর্শন করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
কাতাতুম্বো অঞ্চল দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতার জন্য পরিচিত। বিশ্বের অন্যতম বড় কোকেন উৎপাদনকারী দেশ কলম্বিয়া বর্তমানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করছে।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হয়েছে।