তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তৃণমূল পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন আর্থিক সহায়তা দেওয়া হবে।
‘উদ্যোগ: উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় এই সুবিধা দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্বাচিত উদ্যোক্তাদের সহায়তার অর্ধেক দেওয়া হবে ব্যাংক ঋণ হিসেবে এবং বাকি অর্ধেক দেওয়া হবে অনুদান হিসেবে। কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, গবাদিপশু পালন, পর্যটন, সেবা ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগ এই কর্মসূচির আওতায় আসবে।
সর্বোচ্চ ২৮ বছর বয়সী বাংলাদেশি নাগরিকরা একটি বাস্তবসম্মত ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আবেদন করতে পারবেন। এ জন্য পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নির্বাচিত উদ্যোক্তারা শুধু অর্থ সহায়তাই নয়, প্রশিক্ষণ, মেন্টরদের পরামর্শ, ব্যবসা নিবন্ধন, পরিকল্পনা তৈরি এবং বাজার সংযোগের সুবিধাও পাবেন।
আগামী ১৬ সেপ্টেম্বর এ বিষয়ে সার্কুলার জারি করা হবে। এরপর নির্ধারিত ফরমে উপজেলার যেকোনো ব্যাংক শাখায় আবেদন করা যাবে। আবেদনকারীদের জন্য এক মাস সময় দেওয়া হবে।
প্রথম ধাপে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনাসহ ৮ জেলায় কর্মসূচি চালু করা হবে। পরে দেশের ৬৪ উপজেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
ঋণের অংশে সুদ বা মুনাফার হার হবে ৪ থেকে ৭ শতাংশের মধ্যে। এ ক্ষেত্রে কোনো জামানত দিতে হবে না। তবে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অংশ সুদমুক্ত ঋণে পরিণত হবে এবং ঋণগ্রহীতা খেলাপি হিসেবে বিবেচিত হতে পারেন।
এই কর্মসূচির জন্য প্রাথমিকভাবে ৫০০ কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে অনুদানের অংশে ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল ব্যবহার করা হবে।