ইরানের বিভিন্ন এলাকায় নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার, ২৩ জুলাই বুশেহর, আন্দিমেস্ক এবং ইরাক-ইরান সীমান্তের সালামচেহ ক্রসিংয়ে হামলার খবর পাওয়া গেছে। এ নিয়ে টানা ১২ দিনের মতো ইরানের বিভিন্ন স্থানে হামলা চালাল মার্কিন বাহিনী।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার বুশেহরের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
বুশেহরের উপগভর্নর ফার্স নিউজকে জানান, একই দিনে ওই এলাকায় দুই দফা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। প্রথম হামলাটি স্থানীয় সময় ভোর ৪টার দিকে চালানো হয়।
বুশেহরে হামলার কিছুক্ষণ পর খুজেস্তান প্রদেশের আন্দিমেস্ক শহরের উপকণ্ঠেও ক্ষেপণাস্ত্র আঘাত হানে। খুজেস্তানের উপগভর্নরের বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম।
এর আগে ইরাক-ইরান সীমান্তের সালামচেহ সীমান্ত ক্রসিংয়ে হামলায় অন্তত দুজন নিহত এবং আরও ১১ জন আহত হন।
সীমান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পরও সালামচেহ ক্রসিং বন্ধ করা হয়নি। আহতদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান থাকায় সীমান্ত দিয়ে সীমিত পরিসরে চলাচল অব্যাহত রয়েছে।
চলতি মাসের শুরুতে ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। তবে নতুন করে হামলা ও পাল্টা হামলা শুরু হওয়ায় ওই সমঝোতা কার্যত ভেস্তে গেছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী টানা ১২ দিন ধরে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে ইরানি সংবাদমাধ্যমগুলো দাবি করেছে।
অন্যদিকে এসব হামলার জবাবে উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক অবকাঠামো ও ঘাঁটি লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালানোর দাবি করেছে তেহরান।
চলমান হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্যিক জাহাজ চলাচল এবং জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: ফার্স নিউজ