রোহিঙ্গা সংকট এখন শুধু মানবিক বিষয় নয়, এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘রোহিঙ্গা সংকট নিয়ে উদ্ভূত চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার অবস্থান বাংলাদেশের জন্য বড় চাপ তৈরি করেছে। একই সঙ্গে এই সংকটের প্রভাব পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির ওপর পড়ছে।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট প্রায় নয় বছরে পৌঁছেছে। এখন শুধু ত্রাণ ও ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ না থেকে এর স্থায়ী সমাধানের দিকে এগোতে হবে। মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ পরিবেশ নিশ্চিত করে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর কার্যকর উদ্যোগ নিতে হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সম্মান ও নিরাপত্তার সঙ্গে প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত রাখা জরুরি। বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতের কারণে রোহিঙ্গা সংকট যেন আন্তর্জাতিক মনোযোগ হারিয়ে না ফেলে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, জাতিসংঘ, প্রভাবশালী দেশ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে রোহিঙ্গা সংকট সমাধানে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দীর্ঘস্থায়ী এই সমস্যার সমাধানে সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রায় ১৫ লাখ রোহিঙ্গার নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক ফোরামে আরও জোরালোভাবে তুলে ধরতে হবে। এ সংকটের স্থায়ী সমাধানে কার্যকর কূটনৈতিক প্রচেষ্টা এবং বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।