মালদ্বীপের স্বাস্থ্য, পরিবার ও কল্যাণবিষয়ক মন্ত্রী গিলা আলীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক জাহিদ হোসেন।
রোববার (১২ জুলাই) পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ওআইসি নারী বিষয়ক নবম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে দুই মন্ত্রীর মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্য, সমাজকল্যাণ, নারীর ক্ষমতায়ন, শিশু উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
দুই দেশের মন্ত্রীরা অভিজ্ঞতা বিনিময়, কারিগরি সহযোগিতা, প্রশিক্ষণ কর্মসূচি এবং যৌথ উদ্যোগের মাধ্যমে বিদ্যমান অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়ে একমত হন।
এ সময় মালদ্বীপের মন্ত্রী বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে অর্জিত অগ্রগতির প্রশংসা করেন।
তিনি মালদ্বীপের উন্নয়ন কার্যক্রমে বাংলাদেশি পেশাজীবীদের অবদানেরও স্বীকৃতি দেন। ভবিষ্যতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন উভয় পক্ষ।
মন্তব্যসমূহ