ইরান যুদ্ধের জেরে স্পেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ট্রাম্প স্পেনকে ন্যাটোর ‘ভয়ানক অংশীদার’ আখ্যা দেন। একই সঙ্গে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।
স্পেনের বিরুদ্ধে ট্রাম্পের ক্ষোভের মূল কারণ ইরান যুদ্ধ ঘিরে মাদ্রিদের অবস্থান। গত মার্চে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি স্পেন। মার্কিন যুদ্ধবিমানের জন্য আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রেও দেশটি বাধা দেয় বলে তখন ট্রাম্প অভিযোগ করেছিলেন।
ন্যাটো সম্মেলনে ইরানের সঙ্গে আগের সমঝোতা নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের সঙ্গে সমঝোতা এখন শেষ। একই সময়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। লক্ষ্যবস্তুর মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড নেটওয়ার্ক, উপকূলীয় রাডার ও জাহাজবিধ্বংসী সক্ষমতা ছিল।
সেন্টকম আরও জানায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের ৬০টির বেশি ছোট নৌযানেও হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা কমাতেই এই অভিযান চালানো হয়েছে।
অন্যদিকে স্পেনের পক্ষ থেকে ট্রাম্পের হুমকিকে গুরুত্বহীন রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখানো হয়েছে। দেশটির সরকার বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক শক্তিশালী রয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় স্পেন এককভাবে বাণিজ্যনীতি নির্ধারণ করতে পারে না।
সূত্র: রয়টার্স
মন্তব্যসমূহ