হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইরানে মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে তেহরান।
বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে, দেশটির নৌ ও বিমান বাহিনী ৮৫টি লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাকে নিশানা করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
আইআরজিসির দাবি, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।
এর আগে মঙ্গলবার হরমোজগান ও মাহশাহরের উপকূলীয় অঞ্চলে ইরানের সামরিক ঘাঁটি এবং বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। তেহরানের দাবি, ওই হামলার জবাব দিতেই তারা পাল্টা অভিযান চালিয়েছে।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন হামলা যুদ্ধবিরতি ও ইসলামাবাদ চুক্তির লঙ্ঘন। একই সঙ্গে দেশটির সাবেক সর্বোচ্চ নেতার দাফন ও সংশ্লিষ্ট শোকানুষ্ঠানের সময় এ হামলা চালিয়ে ওয়াশিংটন উত্তেজনা বাড়ানোর চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে আইআরজিসি।
ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়া হবে এবং হরমুজ প্রণালি বিষয়ে ওয়াশিংটনের হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার চলাচলের নিরাপদ পথ নির্ধারণের ক্ষেত্রে ইরানের অবস্থানই কার্যকর থাকবে।
ইরানের দাবি, সাম্প্রতিক মার্কিন হামলা গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অধীনে থাকা যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রকাশ করে।
সূত্র: আল জাজিরা
মন্তব্যসমূহ