দেশে সদ্য কার্যকর হওয়া জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর আওতায় প্রথম মামলা হয়েছে চুয়াডাঙ্গার জীবননগর থানায়। শনিবার দায়ের করা মামলায় ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
পুলিশের দাবি, নতুন জুয়া আইনের আওতায় এটি সারাদেশের প্রথম মামলা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে জীবননগর-দর্শনা মহাসড়কের আধুনিক সিনেমা হলের সামনে একটি চায়ের দোকানে ক্যারাম বোর্ডে বাজি ধরে জুয়া খেলা হচ্ছিল বলে খবর পায় পুলিশ।
তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ায় অংশ নেওয়া ব্যক্তিরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত দুটি ক্যারাম বোর্ডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মোট ১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান সেখ বলেন, গত ১ জুলাই থেকে সারাদেশে নতুন জুয়া প্রতিরোধ আইন কার্যকর হয়েছে। আধুনিক ও ডিজিটাল অপরাধ দমনে এই আইনে অনলাইন বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো, ম্যাচ ফিক্সিং এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে জুয়ার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
তিনি জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।














মন্তব্যসমূহ