২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। অনলাইনে আবেদন করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আবেদনকারীদের মধ্য থেকে শিক্ষার্থী নির্বাচনে ১৫ ডিসেম্বর ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক নির্দেশনায় ভর্তির সময়সূচি ও নিয়মাবলি জানানো হয়েছে। ঢাকা মহানগরীসহ সারা দেশের বেসরকারি বিদ্যালয় এবং স্কুল অ্যান্ড কলেজের সংযুক্ত প্রাথমিক স্তরে এই ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
নির্দেশনা অনুযায়ী, প্রথম শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচনের পুরো প্রক্রিয়া ডিজিটাল লটারির মাধ্যমে সম্পন্ন হবে। ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটির সার্বক্ষণিক পরামর্শ এবং তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সঙ্গে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুধু নির্ধারিত অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে গ্রহণ করা হবে। আবেদনকারীদের সরকারি স্কুল ভর্তি আবেদন পোর্টাল ব্যবহার করতে হবে।
প্রতিটি আবেদনের জন্য ১১০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এই অর্থ শুধু টেলিটকের প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরিশোধ করা যাবে।
আবেদনকারীরা আসন প্রাপ্যতা সাপেক্ষে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। পছন্দের বিদ্যালয়গুলো ক্রমানুসারে নির্বাচন করতে হবে।
তবে কোনো বিদ্যালয়ে দুই শিফট চালু থাকলে উভয় শিফট পছন্দ করার সুযোগ থাকবে। সে ক্ষেত্রে প্রতিটি শিফট আলাদা পছন্দ হিসেবে গণনা করা হবে। একই বিদ্যালয় বা শিফট একাধিকবার নির্বাচনের সুযোগ নেই।
অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির পদ্ধতি ভিন্ন রাখা হয়েছে। এসব শ্রেণিতে ডিজিটাল লটারির পরিবর্তে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ভর্তি কমিটির ব্যবস্থাপনায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে ২০২৭ সালের বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের ভর্তি নীতিমালা অনুসরণের নির্দেশ দিয়েছে মাউশি।
ভর্তি কার্যক্রমে নির্ধারিত কোটা ও ক্যাচমেন্ট এরিয়া বা বিদ্যালয়ের নির্ধারিত এলাকার শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য বিধানও অনুসরণ করতে হবে।
এ ছাড়া প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে শূন্য আসনের সংখ্যা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আবেদন ফরম জমা দেওয়ার সময় ও শেষ তারিখ স্পষ্টভাবে জানাতে হবে।
ভর্তি প্রক্রিয়ার বিস্তারিত নিয়মাবলি মাউশির ওয়েবসাইটের সেকেন্ডারি সার্কুলার/অর্ডার বিভাগ এবং টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।














মন্তব্যসমূহ