রাজধানী ঢাকার বাতাসে আবারও বেড়েছে দূষণের মাত্রা। সোমবার (২৩ নভেম্বর) সকালে বিশ্বের ১২৬টি শহরের বায়ুদূষণের তালিকায় ১১তম অবস্থানে ছিল ঢাকা। এ সময় রাজধানীর বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৫৫, যা জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান স্কোর ছিল ২৭৯। এই মাত্রার দূষণকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়।
তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরটির বায়ুমান স্কোর ছিল ২০৭। তৃতীয় স্থানে থাকা মিসরের রাজধানী কায়রোর স্কোর ছিল ১৯৩।
এ ছাড়া ১৭৭ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ছিল ভারতের মুম্বাই। একই স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ছিল ভিয়েতনামের রাজধানী হ্যানয়।
বায়ুদূষণের মাত্রা বোঝাতে আইকিউএয়ার বিভিন্ন শ্রেণিতে বায়ুমান সূচক নির্ধারণ করে। এই সূচকে শূন্য থেকে ৫০ পর্যন্ত বায়ুকে ভালো এবং ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি মানের হিসেবে বিবেচনা করা হয়।
সূচক ১০১ থেকে ১৫০ হলে বাতাস সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হয়ে ওঠে। আর ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে সাধারণভাবে অস্বাস্থ্যকর ধরা হয়। ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ বা তার বেশি হলে বিপজ্জনক মাত্রার দূষণ হিসেবে বিবেচিত হয়।
বাংলাদেশে বায়ুর মান নির্ধারণে পাঁচ ধরনের দূষক বিবেচনায় নেওয়া হয়। এগুলো হলো অতিক্ষুদ্র ও ক্ষুদ্র বস্তুকণা পিএম২.৫ ও পিএম১০, নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড এবং ওজোন।
ঢাকার বায়ুদূষণের পেছনে কয়েকটি উৎস দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে রাজধানীর দূষণের প্রধান তিন উৎস হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলার কথা উল্লেখ করা হয়।
বায়ুদূষণ শুধু পরিবেশের জন্য নয়, মানুষের স্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, দূষিত বাতাসের সংস্পর্শে থাকার সঙ্গে স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘমেয়াদি ফুসফুসের রোগ, ফুসফুসের ক্যানসার এবং শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি জড়িত।
সংস্থাটির হিসাব অনুযায়ী, ঘরের ভেতর ও বাইরের বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষের অকালমৃত্যু ঘটে।
এ অবস্থায় রাজধানীর বাতাসে অস্বাস্থ্যকর মাত্রার দূষণ জনস্বাস্থ্যের জন্য উদ্বেগ তৈরি করছে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত মানুষের জন্য দূষিত বাতাসের সংস্পর্শ কমানো গুরুত্বপূর্ণ।














মন্তব্যসমূহ