ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির পররাষ্ট্রনীতির আদর্শ ও উত্তরাধিকার ধরে রাখার অঙ্গীকার করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক অঙ্গনে ইরানের মর্যাদা, স্বাধীনতা ও শক্তি রক্ষার নীতিই দেশটির পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হিসেবে থাকবে।
শনিবার তেহরানে খামেনির জনসাধারণের শোক ও জানাজার আনুষ্ঠানিকতা শুরুর দিনে এক বিবৃতিতে এ অবস্থান জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক ইস্যু মোকাবিলায় খামেনির নির্ধারিত মর্যাদাপূর্ণ পথ অনুসরণ করবে ইরান। একই সঙ্গে শত্রুদের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার নীতিও বজায় রাখা হবে।
মন্ত্রণালয় আরও জানায়, আয়াতুল্লাহ খামেনির শাহাদাত ইসলাম ও ইরানের অগ্রযাত্রায় নতুন অধ্যায়ের সূচনা করেছে। ইরানের জনগণ, মুসলিম বিশ্ব এবং স্বাধীনতাকামী মানুষ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিশোধের দাবি অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
তেহরানে খামেনির জানাজা ও শোকানুষ্ঠানে অংশ নেওয়া বিদেশি প্রতিনিধিদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের উপস্থিতিকে সত্য ও ন্যায়ের প্রতি শ্রদ্ধা জানানো হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর আগে শুক্রবার তেহরানের মোসাল্লা মসজিদে বিদেশি প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্য দিয়ে আয়াতুল্লাহ খামেনির সপ্তাহব্যাপী শোক ও জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সাধারণ মানুষের অংশগ্রহণে শোকানুষ্ঠান চলতে থাকে।
সূত্র: প্রেস টিভি
মন্তব্যসমূহ