ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায়। রোববার বিশাল জনসমাগমের মধ্য দিয়ে জানাজায় ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি। প্রেস টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জানাজা তিন ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে আয়াতুল্লাহ খামেনির জানাজা পড়ানো হয়। দ্বিতীয় ধাপে সাইয়্যেদেহ বোশরা হোসেইনি খামেনি, মেসবাহ আল-হোদা বাকেরি ও জাহরা হাদ্দাদ আদেলের জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে খামেনির নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়েগানির জানাজা হওয়ার কথা রয়েছে।
এর আগে শনিবার ভোরে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় খামেনির বিদায়ী শোকানুষ্ঠান শুরু হয়। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীসহ ইরানের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক মানুষ সেখানে জড়ো হন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, তেহরানে মূল শোকমিছিল অনুষ্ঠিত হবে সোমবার। এরপর মঙ্গলবার পবিত্র নগরী কোমে শোকানুষ্ঠান হবে। বুধবার ইরাকের নাজাফ ও কারবালায় বিশেষ বিদায়ী অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে। বৃহস্পতিবার মাশহাদে ইমাম রেজা মাজার প্রাঙ্গণে খামেনিকে দাফন করা হবে।
প্রেস টিভির খবরে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার শুরুতে আয়াতুল্লাহ খামেনি নিহত হন। তাঁর মৃত্যু ঘিরে ইরানজুড়ে কয়েক দিনব্যাপী রাষ্ট্রীয় ও ধর্মীয় শোকানুষ্ঠান চলছে।
সূত্র: প্রেস টিভি
মন্তব্যসমূহ