আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তাঁর ফেরার সম্ভাবনা দেখছেন না জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি জানিয়েছেন, ডিসেম্বরজুড়ে জামায়াতের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি থাকবে। এসব কর্মসূচিতে দলের নেতাকর্মীরা সর্বশক্তি নিয়ে অংশ নেবেন। তবে কাউকে ঠেকানো তাঁদের উদ্দেশ্য নয়।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনার নাম সরাসরি উল্লেখ না করে ডিসেম্বরের কর্মসূচি সম্পর্কে শফিকুর রহমান বলেন, ‘সেসব কর্মসূচিকে প্রাণবন্ত করার জন্য আমরা সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব। কাউকে ঠেকানোর জন্য নয়, ঠেকানোর দরকার পড়বে না।’
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান জামায়াত আমির।
তিনি বলেন, ‘আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো ভোটচোর, ডাকাত, ষড়যন্ত্রকারী ও ভোট ইঞ্জিনিয়ারকে ছাড় দেওয়া হবে না। এখন থেকে জনগণকে সংগঠিত করতে হবে এবং জনগণের প্রতিরোধের মাধ্যমেই তাদের মোকাবিলা করা হবে।’
বর্তমান সরকারের কার্যক্রমের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘অনেকে আমাদের বলেন, এই সরকারকে এভাবে আর দেশের ক্ষতি করতে কত দিন আপনারা দেবেন? আমরা বলি, আমরা এক মিনিটও দিতে চাই না। শুধু জনগণ বুঝে নিক, কার কী চেহারা, কার কী চরিত্র। এটা বুঝে নেওয়া দরকার।’
শফিকুর রহমান দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। জনগণ আর নতুন কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দেবে না। এ ধরনের প্রবণতার বিরুদ্ধে জামায়াতের রাজনৈতিক অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হওয়ায় রাজনৈতিক সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। এ জন্য তিনি ক্ষমতাসীন বিএনপিকে দায়ী করেন।
শফিকুর রহমান বলেন, ‘বিএনপি নির্বাচন মানল, গণভোট না মেনে প্রতারণা করল। সংকটটি তারাই তৈরি করল। এ প্রতারণা মানব না, জাতি মানবে না। বিএনপি গণতান্ত্রিক দল হয়ে থাকলে গণভোটের রায় উপেক্ষা করতে পারে না। কার্যত বিএনপি জনগণকে অপমান করছে।’
বর্তমান সরকারের মধ্যেও ফ্যাসিবাদী আচরণের লক্ষণ রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, ‘ফ্যাসিবাদ একটি ভাইরাস। যার মধ্যে এর লক্ষণ দেখা যায়, তাকেই ফ্যাসিবাদ বলা যাবে। বর্তমান সরকারের মধ্যেও এর প্রচুর লক্ষণ দেখা যাচ্ছে।’
সম্মেলনে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতি নিয়েও কথা বলেন শফিকুর রহমান। তাঁর অভিযোগ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে যোগ্যতার পরিবর্তে দলীয় বিবেচনায় লোক নিয়োগ করা হচ্ছে।
তিনি বলেন, ‘চর দখলের মতো শিক্ষাপ্রতিষ্ঠান দখল করা হচ্ছে। জোর করে উপাচার্য, অধ্যক্ষ ও প্রধান শিক্ষক হিসেবে যাঁদের বসানো হচ্ছে, তাঁদের ন্যূনতম যোগ্যতা নেই। স্কুল, কলেজ ও মাদ্রাসার পরিচালনা কমিটিগুলো দলীয় সন্ত্রাসী ও চাঁদাবাজদের হাতে তুলে দেওয়া হচ্ছে।’
তরুণ সমাজের সামনে কিশোর গ্যাংয়ের বিস্তারকে বড় সমস্যা হিসেবে তুলে ধরেন জামায়াত আমির।
যুবনেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘কিশোর গ্যাংয়ের উৎপাত গ্রামেও চলে গেছে, যা সমাজের জন্য ভয়ংকর হুমকি। এ ধরনের অপকর্ম যে ব্যক্তি, দল বা গোষ্ঠী লালন করুক না কেন, মূল অপরাধী তারাই।’
সম্মেলনে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনিও বিএনপির বিরুদ্ধে তরুণ সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ডের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপি তরুণ সমাজকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ডিলারশিপ, ছিনতাই, কিশোর গ্যাং, ঘাট দখল, হাট দখল, বস্তি দখল, নেশা ও মাদকের দিকে ঠেলে দিয়ে ধ্বংস করছে।’
দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবারের এই সম্মেলনে প্রথমবারের মতো যোগ দেন জামায়াতের নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
জামায়াতের যুব বিভাগের সভাপতি এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, নির্বাহী পরিষদের সদস্য নূরুল ইসলাম বুলবুল এমপি এবং কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার।
এ ছাড়া বক্তব্য দেন জামায়াতের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, কামাল হোসেন, আবদুল বাতেন ও মীর আহমাদ বিন কাসেম আরমান এবং ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমসহ অন্যরা।














মন্তব্যসমূহ