প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের ব্যবহার সম্প্রসারণে তুরস্কের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে বাংলাদেশ প্যাভিলিয়নে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচির সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত জানানো হয়।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রযুক্তি বিনিময়, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।
জলবায়ু পরিবর্তন ও পরিবেশদূষণের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন দুই দেশের প্রতিনিধিরা।
আলোচনায় তুরস্কের ‘জিরো ওয়েস্ট’ বা শূন্য বর্জ্য উদ্যোগের প্রশংসা করেন শামা ওবায়েদ ইসলাম। তুরস্কের ফার্স্ট লেডির পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই কর্মসূচি বাংলাদেশের ‘থ্রি-আর’ কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
থ্রি-আর কৌশলের মূল লক্ষ্য হলো বর্জ্য উৎপাদন কমানো, পুনর্ব্যবহার এবং বর্জ্যকে পুনঃপ্রক্রিয়াজাত করে নতুনভাবে কাজে লাগানো।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশ ও তুরস্ক একে অপরের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। এ ক্ষেত্রে কার্যকর পদ্ধতি ও সফল উদ্যোগগুলোর অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্লাস্টিক দূষণ কমাতে বাংলাদেশের পাটশিল্পের সম্ভাবনাও তুলে ধরেন শামা ওবায়েদ। তিনি বলেন, পাট ও পাটজাত পণ্য পরিবেশবান্ধব এবং প্রাকৃতিকভাবে পচনশীল হওয়ায় প্লাস্টিকের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ কারণে আন্তর্জাতিক পর্যায়ে পাটপণ্যের ব্যবহার বাড়াতে তুরস্কের সহযোগিতা কামনা করেন তিনি।
বাংলাদেশের পাট খাত বৈশ্বিক প্লাস্টিক দূষণ হ্রাস এবং পরিবেশসম্মত পণ্য ব্যবহারের উদ্যোগে অবদান রাখতে পারে বলেও বৈঠকে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়েও আলোচনা হয়।
কপ-৩১ সম্মেলন সফলভাবে আয়োজন এবং বাংলাদেশ প্রতিনিধিদলের প্রতি আতিথেয়তার জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান শামা ওবায়েদ ইসলাম।
বৈঠকের একপর্যায়ে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচিকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।
সাক্ষাৎ শেষে বাংলাদেশের ঐতিহ্যবাহী পাটশিল্পের পরিচিতি তুলে ধরতে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে পাটজাত হস্তশিল্পের একটি স্মারক উপহার দেন শামা ওবায়েদ।














মন্তব্যসমূহ