ভারতের কলকাতা বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় এয়ার ইন্ডিয়ার মুম্বাইগামী একটি বিমানের শৌচাগারে ছিনতাইয়ের হুমকিসংবলিত বার্তা পাওয়া গেছে। এ ঘটনায় বিমানটির উড্ডয়ন স্থগিত করে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পরে বিমানটিকে নিরাপত্তাবেষ্টিত পৃথক স্থানে সরিয়ে ব্যাপক তল্লাশি শুরু করেন নিরাপত্তাকর্মীরা।
বুধবার (১১ নভেম্বর) সকালে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। এ সময় বিমানের একটি শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকি লেখা দেখতে পান সংশ্লিষ্ট কর্মীরা।
বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) অবহিত করেন। এরপর বিমানবন্দরে জরুরি নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হয়।
কলকাতা বিমানবন্দরের পরিচালক বিক্রম সিং জানান, বিমানটির স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে উড্ডয়নের কথা ছিল। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ আগে শৌচাগারে পাওয়া বার্তায় সকাল ১১টা ১০ মিনিটে বিমানটি ছিনতাই করা হবে বলে হুমকি দেওয়া হয়।
পরিস্থিতি বিবেচনায় বিমানটিতে থাকা যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এরপর বিমানটিকে বিমানবন্দরের পৃথক নিরাপত্তা এলাকায় নেওয়া হয়।
সেখানে ভারতের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ) এবং বিমানবন্দরের বিশেষ নিরাপত্তাকর্মীরা তল্লাশি অভিযান শুরু করেন।
নিরাপত্তাকর্মীরা বিমানের ভেতরের বিভিন্ন অংশ পরীক্ষা করেন। কোনো সন্দেহজনক বস্তু বা নিরাপত্তাঝুঁকি রয়েছে কি না, তা নিশ্চিত করতেই এই তল্লাশি চালানো হয়।
এদিকে হুমকির বার্তাটি কে লিখেছেন এবং এর পেছনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো।
তদন্তের অংশ হিসেবে বিমানবন্দর ও বিমানের ভেতরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হুমকির উৎস শনাক্ত করার চেষ্টা করছে।
তবে বার্তাটি প্রকৃত ছিনতাইয়ের পরিকল্পনার অংশ, নাকি আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না কিংবা তল্লাশি শেষে বিমানটির উড্ডয়নের নতুন সময় নির্ধারণ করা হয়েছে কি না, সে বিষয়ে প্রাথমিক প্রতিবেদনে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র : এনডিটিভি














মন্তব্যসমূহ