চোখের জটিলতার কারণে পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবারও হাসপাতালে নেওয়া হয়েছে। গভীর রাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিমস) নিয়ে তাঁর চোখে বিশেষ ইনজেকশন দেওয়া হয়। চিকিৎসা শেষে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ১০ নভেম্বর দিবাগত রাতে ইমরান খানকে পিমসে নেওয়া হয়।
হাসপাতালের একজন কর্মকর্তা জানান, চোখের চিকিৎসা শুরুর আগে ইমরান খানের প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করা হয়। এর মধ্যে চোখের বিশেষ পরীক্ষা এবং সাধারণ স্বাস্থ্য পরীক্ষাও ছিল।
পরীক্ষায় তাঁর শারীরিক গুরুত্বপূর্ণ সূচকগুলো স্বাভাবিক পাওয়া যায়। চিকিৎসা চলাকালে তিনি স্থিতিশীল ছিলেন এবং সাধারণ শারীরিক পরীক্ষায় উদ্বেগজনক কোনো অসংগতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
এরপর চিকিৎসার বিষয়ে ইমরান খানের সম্মতি নেওয়া হয়। প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও চিকিৎসা নির্দেশনা অনুসরণ করে বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁর চোখে ইনট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন প্রয়োগ করেন।
হাসপাতালের ওই কর্মকর্তা জানিয়েছেন, চিকিৎসার আগে, চলাকালে এবং পরেও সাবেক প্রধানমন্ত্রী শারীরিকভাবে স্থিতিশীল ছিলেন। প্রয়োজনীয় ওষুধ ও পরবর্তী চিকিৎসার নির্দেশনা দিয়ে রাত আনুমানিক আড়াইটার দিকে তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
এরপর তাঁকে পুনরায় আদিয়ালা কারাগারে নেওয়া হয়।
২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী রয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। দীর্ঘদিন ধরে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছেন দলটির নেতাকর্মী ও পরিবারের সদস্যরা।
চলতি বছরের জানুয়ারির শেষ দিকে ইমরান খানের ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অকলুশন (সিআরভিও) রোগ শনাক্ত হয়। চোখের রেটিনার প্রধান শিরায় রক্ত চলাচলে বাধা তৈরি হলে এ ধরনের জটিলতা দেখা দেয়। রোগটি শনাক্ত হওয়ার পর থেকে তাঁকে একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। সর্বশেষ জুনেও একই সমস্যার চিকিৎসার জন্য পিমসে নেওয়া হয়েছিল তাঁকে।
তবে ইমরান খানের চিকিৎসার ব্যবস্থা নিয়ে আগে থেকেই পাকিস্তানের সরকার ও বিরোধী দলের মধ্যে মতবিরোধ রয়েছে।
গত ১৭ আগস্ট আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্ট দেশটির সুপ্রিম কোর্টে ইমরান খানের স্বাস্থ্যসংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেন। পরদিন ১৮ আগস্ট তাঁকে ইসলামাবাদের শাফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।
কারাগার কর্তৃপক্ষের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ইমরান খান ও তাঁর স্ত্রীকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং তাঁদের সুস্থতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তবে প্রতিবেদনের সঙ্গে যুক্ত চিকিৎসাসংক্রান্ত নথিতে ভিন্ন কিছু তথ্যও উঠে আসে।
পিমসের চিকিৎসক ডা. আখতার আলী বান্দেশাহ গত ১ আগস্ট ইমরান খানকে পরীক্ষা করে অনিয়ন্ত্রিত রক্তচাপ, বুক ধড়ফড়, মাথাব্যথা ও অস্থিরতার বিষয়গুলো নথিভুক্ত করেন।
ইমরান খান তাঁর এসব সমস্যার পেছনে পরিবারের সদস্যদের সঙ্গে খুব কম দেখা হওয়ার সুযোগ এবং সংবাদপত্র ও টেলিভিশন ব্যবহারের সুযোগ না থাকার কথা উল্লেখ করেছিলেন।
পরে ১০ আগস্ট পিমসের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড তাঁকে পরীক্ষা করে। বোর্ডের সদস্যরা মাথা ভার ও বুক ধড়ফড়ের সমস্যা কমাতে কারাগারে প্রতিদিন এক ঘণ্টা হাঁটার সুযোগ দেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি সংবাদপত্র, টেলিভিশন ও বই ব্যবহারের সুযোগ দেওয়ার সুপারিশ করেন তাঁরা।
রক্তচাপ ও উদ্বেগ নিয়ন্ত্রণে পরিবারের সদস্য এবং স্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগের সুযোগ বাড়ানোর কথাও বলা হয়।
সুপ্রিম কোর্টের নির্দেশে শাফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তাঁকে পিমসে চিকিৎসা দেওয়া হয়। এরপর সেখান থেকে আবার কারাগারে পাঠানো হয়।
সে সময় পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন, হাসপাতালের বাইরে পিটিআই কর্মীদের কারণে নিরাপত্তা পরিস্থিতি তৈরি হওয়ায় চিকিৎসার স্থান পরিবর্তন করতে হয়েছিল।
তবে এ ব্যাখ্যা প্রত্যাখ্যান করে পিটিআই অভিযোগ করে, সরকার আদালতের নির্দেশ যথাযথভাবে অনুসরণ করেনি।
এমন পরিস্থিতিতে বুধবার গভীর রাতে আবারও ইমরান খানকে হাসপাতালে নেওয়ার ঘটনা সামনে এলো। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের চিকিৎসার পুরো সময় তিনি শারীরিকভাবে স্থিতিশীল ছিলেন।
সূত্র : ডন।














মন্তব্যসমূহ