অভিজ্ঞ ও জ্যেষ্ঠ কূটনীতিক ন্যাটালি বেকারকে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে তিনি ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) হিসেবে দায়িত্ব পালন করছেন। মার্কিন সিনেটের চূড়ান্ত অনুমোদন পেলে তিনি পূর্ণাঙ্গ রাষ্ট্রদূত হিসেবে দেশটির কূটনৈতিক মিশনের দায়িত্ব গ্রহণ করবেন।
২০২৫ সালের জানুয়ারিতে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লুম ইসলামাবাদ ত্যাগ করার পর থেকেই ন্যাটালি বেকার সেখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব সামলাচ্ছেন।
দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার স্পর্শকাতর ভূরাজনৈতিক অঞ্চলগুলোতে দীর্ঘদিন কাজ করার বর্ণাঢ্য অভিজ্ঞতা রয়েছে ন্যাটালি বেকারের। ২০২১ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত তিনি কাতারের রাজধানী দোহায় মার্কিন দূতাবাসের উপপ্রধান হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত লিবিয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে ওয়াশিংটন-ত্রিপোলি দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পরবর্তীতে লিবিয়ায় মার্কিন মিশনের উপপ্রধান ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেন। বিশেষ করে ২০১১ সালে লিবিয়ায় গণ-অভ্যুত্থান ও চরম নিরাপত্তাহীনতার মধ্যেও শেষ মুহূর্ত পর্যন্ত দূতাবাসে অবস্থান করে পেশাদারিত্বের পরিচয় দেন তিনি।
এছাড়া ন্যাটালি বেকার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইরানবিষয়ক মার্কিন আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক, কুয়েতে মার্কিন দূতাবাসের অর্থনৈতিক কাউন্সেলর এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স ব্যুরোর উত্তর আফ্রিকা বিষয়ক দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের শুরুর দিকেও পাকিস্তানের ইসলামাবাদে কনস্যুলার কর্মকর্তা এবং তুর্কমেনিস্তানের আশগাবাদে সাংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক নিরাপত্তা এবং দক্ষিণ এশিয়ার কৌশলগত সমীকরণে ওয়াশিংটন ও ইসলামাবাদের সম্পর্ক যখন একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে, ঠিক সেই সময়ে ন্যাটালি বেকারের মতো অভিজ্ঞ কূটনীতিককে মনোনয়ন দিয়েছে ট্রাম্প প্রশাসন।














মন্তব্যসমূহ