ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যবসায়িক অ্যাকাউন্ট ব্যবহারকারীদের নিজস্ব ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহের সুযোগ বাড়ানোর বিতর্কিত পরিকল্পনা আপাতত স্থগিত করেছে মেটা। প্রস্তাবিত শর্তাবলীর মাধ্যমে সংগৃহীত তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের প্রশিক্ষণে ব্যবহার করা হতে পারে, এমন আশঙ্কায় বিভিন্ন দেশের সংবাদমাধ্যম, ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছিল।
প্রতিবাদের মুখে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ২০ নভেম্বর থেকে কার্যকর হওয়ার কথা থাকা নতুন ব্যবসায়িক শর্তগুলো আপাতত চালু হচ্ছে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আগের নিয়মই কার্যকর থাকবে।
বিতর্কের সূত্রপাত অক্টোবরের মাঝামাঝি সময়ে। তখন মেটা ব্যবসায়িক অ্যাকাউন্টের জন্য সংশোধিত শর্তাবলী প্রকাশ করে। এতে ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবসায়িক সেবা ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট ওয়েবসাইটে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে প্রবেশ এবং তথ্য সংগ্রহের অনুমতি দেওয়ার বিধান রাখা হয়।
প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, ওয়েবসাইটের বিভিন্ন পৃষ্ঠা, লিংক ও সেখানে প্রকাশিত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং সংরক্ষণ করতে পারত মেটা। প্রাথমিক খসড়ায় সংগৃহীত তথ্য প্রতিষ্ঠানটির সেবা উন্নয়ন, গবেষণা ও এআই প্রশিক্ষণে ব্যবহারের কথাও উল্লেখ ছিল।
এ নিয়ে আপত্তি জানান বিভিন্ন সংবাদ প্রকাশক ও ওয়েবসাইটের স্বত্বাধিকারীরা। তাদের আশঙ্কা ছিল, মেটার ব্যবসায়িক সেবা ব্যবহার অব্যাহত রাখার শর্ত হিসেবে নিজেদের ওয়েবসাইটের তথ্য ব্যবহারের ব্যাপক অনুমতি দিতে বাধ্য হতে পারেন তারা।
বিশেষ করে সংবাদমাধ্যমগুলোর উদ্বেগ ছিল, অনুমতি বা আর্থিক চুক্তি ছাড়াই তাদের প্রকাশিত সংবাদ ও অন্যান্য কনটেন্ট সংগ্রহ করে এআইভিত্তিক প্রতিযোগী সেবা তৈরিতে ব্যবহার করতে পারে মেটা।
এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাজনীতিবিদসহ বিভিন্ন মহল নতুন নীতিমালার বিরোধিতা করেন। বিষয়টি নিয়ে ইউরোপের নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যেও উদ্বেগ তৈরি হয়।
সমালোচনা কমাতে প্রথমে শর্তাবলীর ভাষায় পরিবর্তন আনে মেটা। এআই মডেলের প্রশিক্ষণ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় সংশোধিত অংশ থেকে সরাসরি ‘প্রশিক্ষণ’ শব্দটি বাদ দেওয়া হয়।
তবে শুধু শব্দ পরিবর্তনে সমালোচকদের উদ্বেগ দূর হয়নি। কারণ, ওয়েবসাইটে প্রবেশ করে তথ্য সংগ্রহের বিস্তৃত অনুমতির বিষয়টি তখনো প্রস্তাবিত নিয়মে রয়ে গিয়েছিল।
মেটার পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়, নতুন শর্তগুলো মূলত বিজ্ঞাপন ও ব্যবসায়িক সেবার সঙ্গে সম্পর্কিত। এগুলো কার্যকর হলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহের বিদ্যমান পদ্ধতিতে কোনো পরিবর্তন আসবে না।
প্রথমে ৩০ অক্টোবর থেকে সংশোধিত নিয়ম চালুর পরিকল্পনা ছিল। পরে আপত্তির কারণে সময়সীমা পিছিয়ে ২০ নভেম্বর নির্ধারণ করা হয়। কিন্তু বিতর্ক অব্যাহত থাকায় শেষ পর্যন্ত নতুন শর্তাবলী অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেয় মেটা।
গত ৫ নভেম্বর প্রতিষ্ঠানটির বিজনেস হেল্প সেন্টারে প্রকাশিত হালনাগাদ তথ্যে চার ধরনের শর্তাবলীর সংশোধন স্থগিতের কথা জানানো হয়। এগুলো হলো মেটা কমার্শিয়াল টার্মস, প্রোডাক্ট ক্যাটালগ টার্মস, সেলফ-সার্ভ অ্যাড টার্মস এবং অ্যাড ক্রিয়েটিভ জেনারেটিভ এআই টার্মস।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় পর্যালোচনা শেষে নতুন সিদ্ধান্ত জানানো হবে। এর মধ্যে বিদ্যমান ব্যবসায়িক শর্তগুলোই কার্যকর থাকবে।
তবে নতুন নিয়ম স্থগিত হওয়ায় মেটার সব ধরনের ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহের কার্যক্রম বন্ধ হচ্ছে না। প্রতিষ্ঠানটির বিদ্যমান বিজ্ঞাপনসংক্রান্ত শর্তাবলীতেও নির্দিষ্ট ক্ষেত্রে বিজ্ঞাপনদাতাদের ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহের অনুমতি রয়েছে।
ফলে সাম্প্রতিক সিদ্ধান্তটি মূলত ব্যবসায়িক অ্যাকাউন্টের জন্য প্রস্তাবিত নতুন ও বিস্তৃত শর্তাবলী কার্যকর না করার বিষয়ে সীমাবদ্ধ।
এদিকে মেটা নতুন নিয়ম আবার কবে চালু করবে কিংবা বিতর্কিত বিধানগুলো পুরোপুরি বাদ দেবে কি না, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট ঘোষণা দেয়নি।
সূত্র : রয়টার্স














মন্তব্যসমূহ