ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুটি পৃথক স্থানে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ২টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ও মল চত্বরসংলগ্ন এলাকায় বিস্ফোরণ দুটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিস্ফোরণের একটি ঘটে সেখানে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ওপর। পরপর দুটি বিস্ফোরণের ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনায় আহত দুজনের মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আহতদের পরিচয় এবং অন্যজনের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে কারা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে কিংবা এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিস্ফোরণের সঙ্গে কোনো ব্যক্তি বা সংগঠনের সংশ্লিষ্টতার বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।














মন্তব্যসমূহ