রাজধানীর গুলশানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের এক নেতা। এ সময় ঘটনাস্থলে থাকা আরও চার যুবক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গুলশান-২ নম্বর চত্বরের কাছে ওয়েস্টিন হোটেলের সামনে এ ঘটনা ঘটে। আটক তিনজনকে পরে জিজ্ঞাসাবাদের জন্য গুলশান থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনাস্থলটি প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায় এক কিলোমিটার দূরে।
আটক ব্যক্তিরা হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার সাব্বির হোসেন (২৯), পুরান ঢাকার চকবাজারের ফারহান আহম্মেদ (২৪) এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার সজিবুর রহমান (৩০)। তাদের মধ্যে সাব্বির মিরপুর-২ এবং সজিবুর মহাখালীর ওয়্যারলেস এলাকায় বসবাস করেন।
তিন যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম।
তিনি জানান, রাতে গুলশান হয়ে বনশ্রীর বাসায় ফেরার পথে ওয়েস্টিন হোটেলের সামনে কয়েকজন যুবককে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিতে শোনেন। এরপর গাড়ি থামিয়ে তাদের পরিচয় জানতে চান। সেখানে চারটি মোটরসাইকেল ছিল। এ সময় চার যুবক মোটরসাইকেল নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। বাকি তিনজনকে আটকে রেখে পুলিশকে খবর দেন তিনি।
আবদুর রহিম আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করে। তখন তারা দাবি করেন, মদ্যপ অবস্থায় না বুঝে শেখ হাসিনার নামে স্লোগান দিয়েছেন। এ জন্য দুঃখ প্রকাশও করেন তারা। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, তিন যুবককে আটকের পর ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় তৈরি হয়। অনেকে তাদের ঘিরে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনি কয়েকজন যুবককে শেখ হাসিনার নামে স্লোগান দিতে শুনেছেন। পরে তাদের কয়েকজনকে মোটরসাইকেল নিয়ে চলে যেতে দেখেন। এ সময় অন্য একজনকে দৌড়ে তাদের ধরার চেষ্টা করতেও দেখেন।
তবে আটক তিন যুবকের রাজনৈতিক পরিচয় সম্পর্কে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর দিবাগত রাত তিনটার দিকে জানান, তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হবে। তবে কী অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।














মন্তব্যসমূহ