রাজধানীর পল্টনের একটি আবাসিক হোটেলে অসুস্থ হয়ে মারা গেছেন রাজু মিয়া (৩২) নামে এক সৌদিপ্রবাসী। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীর ও মুখে অ্যালকোহলের গন্ধ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল জানান, রাত ১০টা ২০ মিনিটে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাজু মিয়াকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করে।
পুলিশের তথ্য অনুযায়ী, রাজু মিয়ার গ্রামের বাড়ি মৌলভীবাজারে। তিনি সৌদি আরবে প্রবাসী হিসেবে কর্মরত ছিলেন। প্রায় দেড় মাস আগে ছুটিতে দেশে আসেন। দুই থেকে তিন দিন আগে পল্টনের একটি আবাসিক হোটেলে ওঠেন তিনি।
সেখানে অসুস্থ হয়ে পড়লে সজিব নামে এক ব্যক্তি তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে ঠিক কী কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এসআই মো. রাকিবুল জানান, রাজু মিয়ার মুখ ও শরীরে অ্যালকোহলের গন্ধ পাওয়া গেছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে অ্যালকোহল পান করার ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।
ময়নাতদন্তের জন্য রাজু মিয়ার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে তার পরিবারের সদস্যদের মৌলভীবাজারের গ্রামের বাড়িতে খবর দেওয়া হয়েছে। তারা হাসপাতালে পৌঁছালে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।














মন্তব্যসমূহ