রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে ৫১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্যের পাশাপাশি অবিস্ফোরিত ককটেল ও বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে এসব ব্যক্তিকে আটক ও আলামত উদ্ধার করা হয়।
উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ৬৬৯ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, একটি গাঁজা কাটার মেশিন, একটি অবিস্ফোরিত ককটেল ও অবিস্ফোরিত ককটেলের অংশবিশেষ এবং ১১টি মোবাইল ফোন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে অভিযানের তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৪৯ জন রয়েছেন মিরপুর বিভাগে। এ ছাড়া লালবাগ ও মতিঝিল বিভাগে ৫৯ জন করে, তেজগাঁও বিভাগে ৫৬ জন, ওয়ারী বিভাগে ৪৩ জন, গুলশান ও উত্তরা বিভাগে ৩৮ জন করে এবং রমনা বিভাগে ২২ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা বিভাগ আটক করেছে একজনকে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।














মন্তব্যসমূহ