রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে ৬৪টি মামলা করা হয়েছে। পাশাপাশি ককটেল, পেট্রলবোমা, গান পাউডার, মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধারের তথ্য জানিয়েছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) ডিএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আটক করা হয়েছে মিরপুর বিভাগে। এই বিভাগ থেকে ১৩১ জনকে আটক করা হয়। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, ওয়ারী বিভাগে ৫৬ জন এবং লালবাগ বিভাগে ৪৬ জনকে আটক করা হয়েছে।
অন্য বিভাগগুলোর মধ্যে রমনায় ৩০ জন, গুলশানে ২৯ জন এবং উত্তরায় ২২ জনকে আটক করা হয়। পাশাপাশি ডিএমপির গোয়েন্দা বিভাগ আটক করেছে আরও ৮ জনকে।
অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে ১৩টি ককটেল, ৯টি পেট্রলবোমা এবং ৯৫০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিস্ফোরিত পেট্রলবোমার অংশবিশেষ ও ১৭টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।
একই অভিযানে ৩ হাজার ৮১ পিস ইয়াবা, ২৪ ক্যান বিয়ার এবং দুই বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।
এ ছাড়া একটি বাস, পাঁচটি মোটরসাইকেল ও ১৪টি মোবাইল ফোন উদ্ধারের তথ্য দিয়েছে ডিএমপি। অভিযানে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।














মন্তব্যসমূহ