ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে ছয়টি প্রবেশপথে চেকপোস্ট স্থাপনসহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে গত রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা সোয়া ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে অন্তত সাত থেকে আটটি স্থানে ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
ওই দিন টিএসসি ও মেট্রোরেল স্টেশন এলাকা দিয়ে পালানোর সময় তিন সন্দেহভাজনকে আটক করেন শিক্ষার্থীরা। তারা হলেন রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এমন পরিস্থিতিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সভায় ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট স্থাপনের সিদ্ধান্ত হয়।
ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হবে। একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ে চলাচলের সময় নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। সার্বক্ষণিক ক্যামেরা মনিটরিং ব্যবস্থাও আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাসে নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অস্থিতিশীলতা সৃষ্টি এবং স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় বা পদমর্যাদা বিবেচনা না করে বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান ও দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাংসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।














মন্তব্যসমূহ