ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়।আদেশ অনুযায়ী, ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত মো. জাহিদুল ইসলামকে মিরপুর বিভাগের মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারজিনা নাসরিনকে বদলি করে গোয়েন্দা-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।এদিকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশনে কর্মরত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে গুলশান বিভাগের গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সারোয়ার হোসাইনকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে গোয়েন্দা-ওয়ারী বিভাগে। তিনি সেখানে ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।অফিস আদেশে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। পদায়নের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।