কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ থেকে নির্গত গ্যাসের উৎসে বড় রিজার্ভার থাকার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। টানা ১৫ দিন ধরে গ্যাসের প্রবাহ ও চাপ পর্যবেক্ষণের পর এমন ধারণার কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। একই সঙ্গে সম্ভাব্য ঝুঁকি এড়াতে দ্রুত গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন বাপেক্সের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে তারা জানান, নির্গত গ্যাসের প্রবাহে গত ১৫ দিনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। এটি সাময়িক কোনো গ্যাসের পকেট নয়, বরং ভূগর্ভে বড় গ্যাসের রিজার্ভার থাকার ইঙ্গিত দিচ্ছে।
প্রতিনিধি দলের প্রধান ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক হাওলাদার রফিকুল ইসলাম বলেন, টানা ১৫ দিন ধরে গ্যাসের স্থায়িত্ব এবং প্রবাহের চাপ পর্যবেক্ষণ করা হয়েছে। পুরো সময়জুড়ে একই গতি ও চাপে গ্যাস বের হতে দেখা গেছে। এ অবস্থায় গ্যাস অনিয়ন্ত্রিতভাবে জ্বলতে থাকলে ঝুঁকি তৈরি হতে পারে।
তিনি জানান, প্রথম পর্যায়ে জরুরি ভিত্তিতে কূপটি নিরাপদে বন্ধ করার পাশাপাশি গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হবে। কূপ নিয়ন্ত্রণে আনার পর সেখানে ভূতাত্ত্বিক জরিপ চালানো এবং গ্যাসের বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোটখাল এলাকায় একটি পরিত্যক্ত নলকূপের গর্ত থেকে গ্যাস নির্গত হতে শুরু করে। এরপর থেকে সেখানে গ্যাসের আগুন জ্বলছে এবং অনিয়ন্ত্রিতভাবে পানি বের হচ্ছে। ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও এখনো গ্যাস ও পানির প্রবাহ বন্ধ হয়নি।














মন্তব্যসমূহ