ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের সঙ্গে যুক্ত তিনটি স্থাপনা ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এই অভিযানের পরদিনই সৌদি আরবের রাজধানী রিয়াদসহ কয়েকটি অঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জোটটি।
সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনটি স্থাপনা ধ্বংসের দাবি করেন সৌদি-ইয়েমেনি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সঙ্গে সংশ্লিষ্ট তিন ধরনের স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। এর মধ্যে একটি কারখানায় ক্ষেপণাস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি ও সংযোজন করা হতো। অন্যটি ছিল রাসায়নিক কারখানা, যেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য কঠিন জ্বালানি বা সলিড প্রোপেল্যান্ট প্রস্তুত করা হতো।
তৃতীয় স্থাপনাটি ক্ষেপণাস্ত্রের ইলেকট্রনিক ব্যবস্থা সংযোজনের কাজে ব্যবহৃত হতো বলে দাবি করেছেন জোটের মুখপাত্র।
আল মালিকি জানান, সৌদি আরব ও ইয়েমেনের বেসামরিক নাগরিক এবং গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হুথিদের ধারাবাহিক হামলার জবাবে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।
হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ও পরিচালনার সক্ষমতা দুর্বল করার অভিযান অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তিনি। জোটটির দাবি, হুথিদের ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক ভেঙে দেওয়াই তাদের চলমান সামরিক প্রচেষ্টার অন্যতম লক্ষ্য।
এদিকে সৌদি জোটের এই ঘোষণার পর মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে।
জোটের মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি বিস্ফোরকবাহী ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। একই সময়ে রাজধানী রিয়াদের দিকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রও আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়।
রিয়াদ লক্ষ্য করে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র দুটির একটি ব্যালিস্টিক এবং অন্যটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছিল বলে জানিয়েছে সৌদি জোট। এ ছাড়া দেশটির দক্ষিণাঞ্চলের দিকে ছোড়া আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে তারা।
হামলার আশঙ্কায় রিয়াদ, আভা ও খামিস মুশাইত এলাকায় সতর্কবার্তা জারি করে সৌদি কর্তৃপক্ষ। পরে বিপদ কেটে যাওয়ার কথা জানিয়ে সতর্কতা প্রত্যাহার করা হয়।
সৌদি জোটের দাবি অনুযায়ী, মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে। তবে ইয়েমেনের তিনটি স্থাপনার ক্ষয়ক্ষতির পরিমাণ স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র : আরব নিউজ














মন্তব্যসমূহ