নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কওমি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের পর ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন বহু শিক্ষার্থী। তাঁদের মধ্যে ৬৩ জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। চার শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ফতুল্লার জামিয়া আশ্রাফীয়া কওমি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৬৩ শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে আইসিইউতে রাখা হয়েছে। নতুন করে আরও অসুস্থ শিক্ষার্থী হাসপাতালে আসছেন।
চিকিৎসক জানিয়েছেন, অসুস্থ শিক্ষার্থীদের কারও শরীরে আগুনে পোড়ার চিহ্ন পাওয়া যায়নি। মূলত অগ্নিকাণ্ডের পর ছড়িয়ে পড়া ধোঁয়ার কারণে তাঁরা শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়েছেন।
এদিকে মঙ্গলবার সকালে হাসপাতালটিতে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা যায়। কেউ জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন, আবার কেউ চিকিৎসকের অপেক্ষায় রয়েছেন। অসুস্থ শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসার কয়েকজন শিক্ষকও চিকিৎসা নিচ্ছেন। অন্য শিক্ষকরা হাসপাতালে শিক্ষার্থীদের দেখাশোনা করছেন।
মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আজিজুর রহমান জানান, লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হলেও ওই সময় সেখানে কোনো শিক্ষার্থী অবস্থান করছিলেন না। তবে আগুন লাগার পর দ্রুত পুরো মাদ্রাসায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন।
তিনি আরও জানান, মাদ্রাসা ভবনে একাধিক সিঁড়ি থাকায় শিক্ষার্থীরা দ্রুত বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন।
অগ্নিকাণ্ডে সরাসরি দগ্ধ হওয়ার ঘটনা না থাকলেও ধোঁয়ার প্রভাবে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসক। গুরুতর অবস্থায় থাকা চার শিক্ষার্থীকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।














মন্তব্যসমূহ