দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৭ শিশু।
শুক্রবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। তবে এ সময়ের মধ্যে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭২৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৬৩৬ শিশু।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় আরও ১৩৯ শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৯৬৮ শিশু।
অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৯৬১ জনে। এর মধ্যে পরীক্ষাগারে ১২ হাজার ৪২৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
এ সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮৭ হাজার ২৬২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৩ হাজার ৫৪৩ শিশু।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে এ রোগের জটিলতা বেশি দেখা দেয়। তাই জ্বর, শরীরে র্যাশ বা হামের অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি করার আহ্বান জানিয়েছেন তারা।
মন্তব্যসমূহ