নোয়াখালীর সেনবাগে মাদকের টাকার জন্য মা-বাবাকে নির্যাতনের অভিযোগে সাইফুল নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছেলের বিরুদ্ধে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে অভিযোগ করেছিলেন তাঁর মা-বাবা।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। একই সঙ্গে সাইফুলকে ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত সাইফুল সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের শ্যামেরগাঁও গ্রামের আবুল বশরের ছেলে।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, সাইফুলের বিরুদ্ধে মাদকাসক্তি এবং মাদক কেনার টাকার জন্য মা-বাবাকে নির্যাতনের অভিযোগ ওঠে। সোমবার তাঁর মা-বাবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।
অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাইফুলকে আটক করে।
পরে তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
আদালতের সামনে নিজের দোষ স্বীকার করে ক্ষমা চান সাইফুল। এরপর তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।
সোমবার রাতে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী জানান, আদালতের আদেশের পর সাইফুলকে কারাগারে পাঠানোর জন্য সেনবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।














মন্তব্যসমূহ