মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের তদবির বা প্রভাব খাটানোর সুযোগ থাকবে না।
শুক্রবার (৩ জুলাই) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে কেউ যদি মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থেকে থাকে, তাহলে এখনই সেই পথ থেকে সরে আসা উচিত। তিনি সতর্ক করে বলেন, মাদক ব্যবসা চালিয়ে গেলে আইনের আওতায় আসতে হবে এবং তখন কাউকে রক্ষা করার সুযোগ থাকবে না।
তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকের বিস্তার রোধে সরকারের অবস্থান কঠোর এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।
নারীর ক্ষমতায়নের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সরকার নারীবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পরিবারভিত্তিক সহায়তা কর্মসূচির মাধ্যমে নারী প্রধানদের আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে, যা তাদের পারিবারিক ব্যয় নির্বাহের পাশাপাশি সঞ্চয়ের সুযোগও তৈরি করছে।
তিনি বলেন, একজন সচেতন মা পরিবারের উন্নয়ন ও সন্তানদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই নারীদের আর্থিকভাবে সক্ষম করে তোলার উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নে বিনিয়োগ হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান এবং দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ