দক্ষিণ আফ্রিকায় একই রাতে পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। দেশটির প্রিটোরিয়া ও কোয়াজুলু-নাটাল প্রদেশে সংঘটিত এসব হামলায় নিহতদের মধ্যে ১৪ জন পুরুষ ও তিনজন নারী রয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) রাতে প্রিটোরিয়ার পশ্চিমাঞ্চলের অ্যাটেরিজভিলের জেফসভিল এলাকায় প্রথম হামলার ঘটনা ঘটে। সেখানে একটি চার কক্ষের টিনের ঘরে বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালায়।
এতে ঘটনাস্থলে ছয়জন পুরুষ ও তিনজন নারীসহ মোট নয়জন নিহত হন।
পুলিশের প্রাথমিক ধারণা, রাত ১০টা থেকে ১১টার মধ্যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। তবে কী কারণে হামলা চালানো হয়েছে কিংবা কারা এতে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
একই রাতে দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশেও আরেকটি বন্দুক হামলার ঘটনা ঘটে।
প্রদেশটির পিটারমারিটজবার্গ শহরের কাছে সুইটওয়াটার্সের মাবানে এলাকায় একটি গাড়ির ভেতরে থাকা আটজন পুরুষকে গুলি করে হত্যা করা হয়।
ফলে একই রাতে দুটি পৃথক স্থানে বন্দুক হামলায় মোট ১৭ জন প্রাণ হারান।
ঘটনা দুটি দেশটির ভিন্ন এলাকায় সংঘটিত হলেও এগুলোর মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো তথ্য পাওয়া যায়নি।
এ ছাড়া হামলাকারীদের পরিচয় কিংবা হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য সম্পর্কেও বিস্তারিত কিছু জানা যায়নি।
একই রাতে এত মানুষের প্রাণহানির ঘটনায় দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা পরিস্থিতি ও বন্দুক সহিংসতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।














মন্তব্যসমূহ