দেশে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে বার্ষিক ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত রাখার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য বার্ষিক ৫০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারে আয়কর অব্যাহতির সুবিধা দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে মৌলভীবাজার-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, নারী উদ্যোক্তা, কৃষক, স্টার্টআপ ও গ্রামীণ ব্যবসার জন্য বিভিন্ন ধরনের করছাড় ও প্রণোদনার ব্যবস্থা করেছে সরকার।
অর্থমন্ত্রী জানান, স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ ও প্রযুক্তিনির্ভর ব্যবসার জন্য টার্নওভারভিত্তিক করের ওপর টানা নয় বছর সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। ফ্রিল্যান্সিং ও কনটেন্ট তৈরির কার্যক্রমকেও সম্পূর্ণ করমুক্ত সুবিধার আওতায় আনার কথা জানান তিনি।
করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমার প্রক্রিয়া সহজ করার কথাও জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, ব্যক্তি ও কোম্পানি করদাতারা এখন বছরের যেকোনো সময় নিজেদের সুবিধামতো রিটার্ন জমা দিতে পারবেন। বছরের শুরুতে রিটার্ন দাখিল করলে প্রণোদনা পাওয়া যাবে। তবে অতিরিক্ত দেরিতে জমা দিলে বাড়তি কর দিতে হবে।
ব্যবসায়িক খরচের ক্ষেত্রেও কর সুবিধা বাড়ানোর কথা তুলে ধরেন তিনি। কর্মচারীদের সুযোগ-সুবিধা, আপ্যায়ন, বিনামূল্যে নমুনা বিতরণ এবং প্রচারমূলক কার্যক্রমের ব্যয় কর রেয়াতযোগ্য ব্যয়ের আওতায় আনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
এ ছাড়া ব্যাক-টু-ব্যাক এলসির পাশাপাশি স্থানীয় ঋণপত্রের মাধ্যমে রপ্তানিমুখী শিল্পে পণ্য সরবরাহকেও পরোক্ষ রপ্তানি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
করসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়ায় পরিবর্তনের কথাও জানান তিনি।
অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, নতুন ব্যবস্থায় বিরোধপূর্ণ করের এক শতাংশ জমা দিয়ে আপিল, তিন শতাংশ জমা দিয়ে ট্রাইব্যুনালে এবং ১০ শতাংশ জমা দিয়ে হাইকোর্টে আপিল করা যাবে। আগে এ হার ছিল যথাক্রমে ১০, ১৫ ও ২৫ শতাংশ।
ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে অবস্থিত উৎপাদনশিল্প, পর্যটন ও ক্রীড়া প্রতিষ্ঠানের জন্য ত্বরিত অবচয় সুবিধার কথাও জানান তিনি।
এই সুবিধার আওতায় ভবন ও যন্ত্রপাতির ওপর প্রথম বছরে ৬০ শতাংশ এবং দ্বিতীয় বছরে ৪০ শতাংশ অবচয় দাবি করা যাবে।
অর্থমন্ত্রী জানান, ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে কয়েকটি খাতে অগ্রিম কর ও উৎসে করের হার কমানো হয়েছে।
স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহে উৎসে কর পাঁচ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক পাঁচ শতাংশ করা হয়েছে। মোবাইল নেটওয়ার্ক সেবায় ১২ শতাংশ থেকে ১০ শতাংশ এবং প্যাকেজিং সামগ্রী সরবরাহে পাঁচ শতাংশ থেকে তিন শতাংশে নামানো হয়েছে।
শিল্পের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর পাঁচ শতাংশ থেকে চার শতাংশ এবং রপ্তানি নগদ প্রণোদনার ওপর উৎসে কর ১০ শতাংশ থেকে পাঁচ শতাংশ করা হয়েছে।
এ ছাড়া আয়কর নিরীক্ষায় স্বচ্ছতা আনতে আগের ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে স্বয়ংক্রিয় ও ঝুঁকিভিত্তিক নির্বাচনব্যবস্থা চালুর কথা জানান অর্থমন্ত্রী।
সংসদে অপর এক প্রশ্নে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার পক্ষে এস এম জিলানী মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার মানুষের জন্য সুদমুক্ত ঋণের বিষয়ে জানতে চান।
জবাবে অর্থমন্ত্রী বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলো আমানতকারীদের অর্থ সংগ্রহ করে ঋণ বিতরণ করে এবং সেই ঋণ থেকে অর্জিত আয় দিয়ে আমানতকারীদের মুনাফা দেওয়া হয়। এ কারণে ব্যাংকের মাধ্যমে সুদমুক্ত ঋণ দেওয়ার সুযোগ নেই।
তবে কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা, মৎস্যজীবী, নিম্ন আয়ের মানুষ ও যুবকদের কর্মসংস্থানে স্বল্পসুদের বিভিন্ন অর্থায়ন কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য কাজে লাগিয়ে ৪১ হাজার কোটি টাকার পাঁচটি বড় অর্থায়ন প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
এসব প্যাকেজে বন্ধ শিল্প ও সেবা খাতের জন্য ২০ হাজার কোটি, সিএমএসএমই খাতের চলতি মূলধন পুনঃঅর্থায়নে পাঁচ হাজার কোটি এবং কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে ১০ হাজার কোটি টাকা রাখা হয়েছে।
এ ছাড়া উত্তরবঙ্গ কৃষি হাব প্রতিষ্ঠায় তিন হাজার কোটি এবং রপ্তানি বহুমুখীকরণে আরও তিন হাজার কোটি টাকা বরাদ্দের কথা জানান অর্থমন্ত্রী।
পাশাপাশি প্রি-শিপমেন্ট অর্থায়নে পাঁচ হাজার কোটি টাকা এবং চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদন খাতের জন্য দুই হাজার কোটি টাকার পৃথক প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, সরকারের এসব উদ্যোগের লক্ষ্য বিনিয়োগে গতি আনা, উদ্যোক্তাদের আর্থিক সুবিধা বাড়ানো এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।














মন্তব্যসমূহ