দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে মহেশখালী-কুতুবদিয়া এলাকায় তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন টার্মিনাল চালু হলে গ্যাস সংরক্ষণক্ষমতা বাড়ার পাশাপাশি বড় জাহাজে এলএনজি আমদানির মাধ্যমে দীর্ঘমেয়াদে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এসব তথ্য তুলে ধরেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে দুটি ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিট বা এফএসআরইউ চালু রয়েছে। প্রতিটির সংরক্ষণক্ষমতা ১ লাখ ৩৮ হাজার ঘনমিটার। নতুন টার্মিনালের ধারণক্ষমতা হবে ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার, যা বিদ্যমান প্রতিটি ইউনিটের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি।
তিনি বলেন, বাংলাদেশের এখনো স্থলভিত্তিক এলএনজি সংরক্ষণাগার নেই। ফলে গ্যাস আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখতে ভাসমান টার্মিনালগুলোর ওপর নির্ভর করতে হয়।
নতুন এফএসআরইউর অতিরিক্ত সংরক্ষণক্ষমতা জরুরি পরিস্থিতিতে গ্যাস সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে বলে আশা করছে সরকার।
প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, নতুন টার্মিনালে মস টাইপ ও মেমব্রেন টাইপ, উভয় ধরনের এলএনজি জাহাজ থেকে গ্যাস খালাস করা যাবে।
বড় আকারের জাহাজে বেশি এলএনজি আমদানির সুযোগ তৈরি হওয়ায় প্রতি ইউনিটে ৫ থেকে ১০ মার্কিন সেন্ট পর্যন্ত সাশ্রয় হতে পারে। এতে প্রতি কার্গোতে প্রায় ১ লাখ ৯০ হাজার মার্কিন ডলার খরচ কমার সম্ভাবনা রয়েছে।
বছরে ৫০টি কার্গো এবং ২০ বছরের চুক্তির হিসাব ধরে দীর্ঘমেয়াদে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।
তবে এই অর্থ এখনই সাশ্রয় হচ্ছে না। বড় জাহাজে আমদানি ও নির্ধারিত সংখ্যক কার্গো গ্রহণের পরিকল্পনা বাস্তবায়িত হলে এমন আর্থিক সুবিধা পাওয়া যেতে পারে।
গ্যাস সরবরাহে বাড়তি সক্ষমতা
অনিন্দ্য ইসলাম অমিত জানান, নতুন এফএসআরইউতে চারটি রিগ্যাসিফিকেশন ইউনিট থাকবে। এগুলোর সম্মিলিত সক্ষমতা দৈনিক ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসে রূপান্তরের উপযোগী।
তবে কিছু ইউনিট বিকল্প হিসেবে প্রস্তুত রেখে দৈনিক ৬০০ থেকে ৭৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের পরিকল্পনা রয়েছে।
বর্তমানে ব্যবহৃত দুটি এফএসআরইউর প্রতিটির পুনর্গ্যাসীকরণ সক্ষমতা দৈনিক ৫০০ থেকে ৬০০ মিলিয়ন ঘনফুট।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দুটি টার্মিনালের মাধ্যমে বছরে প্রায় ১১৫টি এলএনজি কার্গো গ্রহণ করা সম্ভব হয়। একটি জাহাজ থেকে গ্যাস খালাস শেষ হওয়ার তিন থেকে চার দিনের মধ্যে পরবর্তী জাহাজ আসতে হয়।
কোনো জাহাজ নির্ধারিত সময়ের বাইরে অপেক্ষা করলে অতিরিক্ত চার্জ গুনতে হয়। তৃতীয় টার্মিনাল চালু হলে কার্গো গ্রহণের সময় ব্যবস্থাপনা সহজ হবে এবং জাহাজের অপেক্ষার চাপ কমবে বলে আশা করা হচ্ছে।
তুলনামূলক নতুন জাহাজ কেনার সিদ্ধান্ত
প্রতিমন্ত্রী জানান, নতুন এফএসআরইউটি ২০১৬ সালে নির্মিত। বিপরীতে বর্তমানে ব্যবহৃত দুটি ইউনিট ২০০৫ ও ২০০৬ সালে নির্মাণ করা হয়েছে।
২০০৮ সালে নির্মিত আরেকটি জাহাজ সংগ্রহের সুযোগ থাকলেও তুলনামূলক নতুন ইউনিট নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, অতীতে একটি এফএসআরইউ বিকল হয়ে যাওয়ায় শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও বাসাবাড়িতে গ্যাস সরবরাহে সমস্যা দেখা দিয়েছিল।
এ ধরনের পরিস্থিতিতে জাতীয় গ্রিডের গ্যাসের চাপ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ২৪ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।
তাই নতুন টার্মিনাল সংগ্রহের ক্ষেত্রে জাহাজের বয়স, সংরক্ষণক্ষমতা ও পরিচালনাগত নির্ভরযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
এলএনজির বৈশিষ্ট্য ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী জানান, প্রাকৃতিক গ্যাসকে মাইনাস ১৬২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল করা হয়। এতে গ্যাসের আয়তন প্রায় ৬০০ গুণ কমে যায়, ফলে জাহাজে পরিবহন করা সহজ হয়।
আন্তর্জাতিক বাজারে এফএসআরইউর চাহিদা ও মূল্য বৃদ্ধির বিষয়টিও সরকারের সিদ্ধান্তে বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে চায়। জ্বালানি খাতের প্রকল্প বাস্তবায়নেও অপচয় রোধ ও দীর্ঘমেয়াদি সুফলকে গুরুত্ব দেওয়া হচ্ছে।














মন্তব্যসমূহ