ফরিদপুরে পদ্মার পাড়ে ঘুরতে যাওয়া এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলায় আট যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে মোট ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
জরিমানার অর্থ আদায়ে দণ্ডপ্রাপ্তদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আটজন হলেন শাহীন শেখ (২৭), জয় শেখ (৩০), রহিম মোল্লা (২৯), মনির শেখ (৩১), হৃদয় খান (২৬), ইলিয়াস শিকদার (৩৩), মোস্তাক শেখ (৩১) ও রিয়াজ শিকদার (২৮)। তাঁদের সবার বাড়ি ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নের ধলার মোড় ও আশপাশের এলাকায়।
রায় ঘোষণার সময় আট আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাঁদের ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর ফেসবুকে পরিচিত এক বন্ধুর সঙ্গে দেখা করতে ফরিদপুর শহরতলির ধলার মোড় এলাকায় পদ্মার পাড়ে যান ওই তরুণী। বন্ধুটি পৌঁছানোর আগেই তিনি একা নদী পার হয়ে অপর পাড়ে ঘুরতে থাকেন।
এ সময় আট যুবক তাঁকে একটি কাশবনে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন এবং ঘটনার ভিডিও ধারণ করেন। প্রায় আট মাস পর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিও প্রকাশ্যে আসার পর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। প্রথমে শাহীন শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ২০২০ সালের ৫ আগস্ট ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মো. ফরহাদ হোসেন। প্রাথমিকভাবে মামলায় সাতজনকে আসামি করা হয়েছিল।
পরে মামলার তদন্তের দায়িত্ব পান ফরিদপুর ডিবির উপপরিদর্শক আইয়ুব আলী। তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জানুয়ারি আগের সাত আসামির সঙ্গে রিয়াজ শিকদারের নাম যুক্ত করে মোট আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তিনি।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর সোমবার আট আসামিকেই আমৃত্যু কারাদণ্ড দেন আদালত।
রায়ের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। এ ধরনের অপরাধ কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি জানান, রাষ্ট্রপক্ষ আদালতে যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পেরেছে। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট বলেও জানান তিনি।
সরকারি কৌঁসুলির মতে, এই রায়ের মাধ্যমে সমাজে একটি বার্তা পৌঁছাবে যে অপরাধীরা যত কৌশলই অবলম্বন করুক, আইনের শাস্তি এড়ানোর সুযোগ নেই।














মন্তব্যসমূহ