আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী আবারও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ১৯৯৬ সালের রাজনৈতিক ঐক্যের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেছেন, ওই সময়ের মতো এবারও দল দুটি এক হয়ে চক্রান্ত শুরু করেছে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁন বলেন, প্রধানমন্ত্রী যখন দেশকে এগিয়ে নেওয়ার কাজ করছেন, তখন স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাঁর অভিযোগ, এই ষড়যন্ত্র দিল্লিতে বসে শেখ হাসিনা শুরু করেছেন এবং বাংলাদেশে জামায়াতে ইসলামী এর সঙ্গে যুক্ত হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে তাঁর পাশে থেকে কাজ করতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষকদের ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন ও নদী খনন কর্মসূচির কথা উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, এসব উদ্যোগ বাস্তবায়নের কাজ চলছে।
এ সময় জুলাই জাতীয় সনদের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য, বিএনপির পক্ষ থেকে স্বাক্ষরিত ওই সনদ বর্তমান বিএনপি সরকার ধাপে ধাপে বাস্তবায়ন করছে। এমন সময়ে স্বাধীনতাবিরোধী চক্র আবার সক্রিয় হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে ২৪ জুলাই জনগণের ওপর গুলি চালিয়ে মানুষ হত্যার সঙ্গে জড়িতদের প্রসঙ্গও উল্লেখ করেন।
রাশেদ খাঁন আরও বলেন, “জনগণের উপরে যারা গুম খুন ক্রসফায়ার চালিয়েছে সেই চক্র দেখলাম এখন এক হয়েছে। অর্থাৎ সেই ৯৬ এর মতো আওয়ামী লীগ এবং জামায়াত ইসলাম দেশের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে।”
তিনি বাংলাদেশের জনগণকে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানান।
এর আগে বিকেলে কালীগঞ্জ উপজেলা শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন রাশেদ খাঁন। পরে সেখান থেকে বের হওয়া র্যালির নেতৃত্ব দেন তিনি।














মন্তব্যসমূহ