মিশরের গিজা প্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২৫ জন। নিহতদের মধ্যে একজন ট্রেনচালকও রয়েছেন। দুর্ঘটনায় একাধিক বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে গেছে। আহতদের চিকিৎসায় স্থানীয় হাসপাতালগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
রোববার (৮ নভেম্বর) রাজধানী কায়রোর দক্ষিণে গিজার আল-আইয়াত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু হয়। আহতদের হাসপাতালে নিতে বিপুলসংখ্যক অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়।
মিশরের রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, গিজা থেকে ফাইয়ুমগামী একটি যাত্রীবাহী ট্রেন একই রেললাইনে দাঁড়িয়ে থাকা কায়রো থেকে আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে উল্টে যাওয়া বগি এবং দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রেনের অংশের মধ্যে উদ্ধারকর্মীদের কাজ করতে দেখা গেছে। ক্ষতিগ্রস্ত বগির ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধারে স্থানীয় বাসিন্দারাও এগিয়ে আসেন।
দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেয় মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. খালেদ আবদেল গাফফার জানান, আহতদের মধ্যে অনেকের শরীরের বিভিন্ন স্থানে হাড় ভেঙেছে। কারও কারও মাথায় গুরুতর আঘাত রয়েছে।
মিশরের রেড ক্রিসেন্ট সোসাইটিও দুর্ঘটনাস্থল ও হাসপাতালগুলোতে জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। তদন্তে কারও অবহেলা বা গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার নির্দেশও দিয়েছেন প্রেসিডেন্ট।
এদিকে দুর্ঘটনার পর গিজা ও আপার ইজিপ্টের মধ্যে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ক্ষতিগ্রস্ত বগি ও রেললাইনের ধ্বংসাবশেষ সরাতে ঘটনাস্থলে ভারী ক্রেন পাঠায় রেলওয়ে কর্তৃপক্ষ।
মিশরের সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, ২০০২ সালের ফেব্রুয়ারিতে একই আল-আইয়াত এলাকার কাছে কায়রো থেকে লুকসরগামী একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সেটি ছিল মিশরের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রেল দুর্ঘটনা।
সূত্র : বিবিসি














মন্তব্যসমূহ