ইসরায়েলে নতুন সরকার গঠনে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট। সম্ভাব্য জোটে বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদকেও রাখতে চান তিনি। তবে সরকারে অংশ নিতে হলে জোটের শরিকদের চারটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছেন ইয়াশার পার্টির এই নেতা।
পিবিএসের প্রতিবেদন অনুযায়ী, রোববার (৮ নভেম্বর) প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পর নিজের অবস্থান তুলে ধরেন আইজেনকোট। তিনি বলেন, বর্তমান সংকট থেকে দেশকে বের করে আনতে রাজনৈতিক বিভাজন দূরে রেখে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। নতুন নির্বাচন আয়োজন করে সময় নষ্ট করার মতো পরিস্থিতি এখন নেই বলেও মন্তব্য করেন তিনি।
আইজেনকোট বলেন, ‘আমি মনেপ্রাণে আশা করি যে, যে সরকারই গঠিত হোক না কেন, তা আমাদের জনগণের সকল অংশের মধ্যে ঐক্য, সংযোগ এবং নিরাময় আনবে — কারণ আমাদের অস্তিত্বই এর ওপর নির্ভরশীল, এবং আমাদের দেশ একটাই।’
লিকুদ ও রিলিজিয়াস জায়নবাদী পার্টির নেতারা যদি সত্যিই জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় আগ্রহী হন, তাহলে তাঁর নেতৃত্বাধীন সরকারকে সমর্থন দিতে আপত্তি থাকার কথা নয় বলে মনে করেন আইজেনকোট।
নেতানিয়াহুর নেতৃত্বাধীন বিদায়ী সরকারের ওপর নেসেটের ৭৪ জন সদস্য আস্থা হারিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, এই অবস্থান দেশের জনগণের মনোভাবের প্রতিফলন।
তবে প্রস্তাবিত জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে চারটি বিষয়কে বাধ্যতামূলক করেছেন আইজেনকোট। প্রথমত, ইসরায়েলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মেনে নিতে হবে। দ্বিতীয়ত, দেশটির স্বাধীনতার ঘোষণাপত্রে ঘোষিত মূল্যবোধের প্রতি অঙ্গীকার থাকতে হবে।
তৃতীয় শর্ত অনুযায়ী, সামরিক, জাতীয় কিংবা বেসামরিক সেবার মাধ্যমে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এর মাধ্যমে ইসরায়েলের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার লক্ষ্যও তুলে ধরেছেন তিনি।
চতুর্থত, হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি সংগঠনটির সামরিক সক্ষমতা ও শাসনক্ষমতা বিলুপ্ত করার প্রতিশ্রুতি দিতে হবে সম্ভাব্য জোটের অংশীদারদের।
এদিকে নির্বাচনের পর ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। আইজেনকোটকে দায়িত্ব দেওয়া হলেও এর অর্থ এই নয় যে নেতানিয়াহুর রাজনৈতিক ক্ষমতার অবসান ঘটেছে কিংবা নতুন সরকার গঠন নিশ্চিত হয়েছে।
সরকার গঠনের জন্য আইজেনকোটকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজন হলে তিনি অতিরিক্ত সময়ও চাইতে পারবেন।
সূত্র: পিবিএস।














মন্তব্যসমূহ