ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক বক্তব্য ভালোভাবে নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ নিয়ে দুজনের ব্যক্তিগত সম্পর্কে কোনো অবনতি ঘটেনি বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে ইরানে আবারও হামলার সুযোগ পেলে ভ্যান্সের তাতে সমর্থন দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
গত সপ্তাহে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পেছনে ইরান যুদ্ধকে দায়ী করেছিলেন ভ্যান্স। তাঁর এই বক্তব্যের কারণে ট্রাম্পের সঙ্গে সম্পর্কে কোনো টানাপোড়েন তৈরি হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, একেবারেই না। তবে অনেকেই তার মন্তব্য পছন্দ করেননি। আমি করিনি।’
ভ্যান্সের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে ট্রাম্প বলেন, ‘ভ্যান্স ঠিকই বলেছেন। তবে তার আরও একটি কথা বলা উচিত ছিল, যা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। যদি আবারও ইরানে হামলা চালানোর সুযোগ আসে, তাহলে কি সে তা করবে? এর উত্তর হলো, হ্যাঁ।’
ইরানে সামরিক হামলার সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরে ট্রাম্প আরও বলেন, ‘ইতিহাসে এটি আমাদের নেওয়া অন্যতম সেরা সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। কারণ, ইরানের হাতে কখনো পারমাণবিক অস্ত্র থাকলে তারা পুরো বিশ্বকে ধ্বংস করে দিত।’
তবে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ তেহরান বরাবরই অস্বীকার করে আসছে। দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি শক্তিধর দেশের সঙ্গে একটি চুক্তি হয়েছিল। ওই সমঝোতা অনুযায়ী, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে নিজেদের পারমাণবিক কার্যক্রম সীমিত করতে সম্মত হয় ইরান।
কিন্তু ২০১৮ সালে ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে সরে দাঁড়ায়। এর পর চুক্তিটি কার্যত ভেঙে পড়ে।
সূত্র: রয়টার্স














মন্তব্যসমূহ