নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালি শেষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রিফাত উল্লাহর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রোববার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার মার্কাজ মসজিদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা সবাই কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন চৌধুরী সালামতের অনুসারী। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে গুরুতর আহত রিফাত উল্লাহকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সালাহউদ্দিন চৌধুরী সালামত এ হামলার জন্য উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেনকে দায়ী করেছেন। তাঁর অভিযোগ, র্যালি শেষে বাড়ি ফেরার সময় মোবারক হোসেনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল তাঁদের ওপর হামলা চালায়। ওই দলে সুমন, শওকত, জুয়েল, শেখ ফরিদ ও রাসেলও ছিলেন।
সালামতের দাবি, হামলার একপর্যায়ে মোবারকের ভাই সুমন চীনা কুড়াল দিয়ে রিফাত উল্লাহকে কুপিয়ে আহত করেন। এতে তিনি গুরুতর জখম হন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মোবারক হোসেন। তাঁর ভাষ্য, র্যালিতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাতে গেলে রোববার সকালে কালাপাহাড়িয়া এলাকায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু কালামকে মারধর করেন সালামত ও তাঁর অনুসারীরা। এতে আবু কালামের হাত ভেঙে যায়।
মোবারক আরও দাবি করেন, সকালের ঘটনার জের ধরে বিকেলে র্যালি শেষে সালামত ও তাঁর লোকজন ইউনিয়ন বিএনপির নেতা ছিদ্দিকুর রহমান ও বজলুকে আবারও মারধর করেন। এ ঘটনায় র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে সালামত ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়। পরবর্তী সময়ে কী ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।
স্থানীয় রাজনীতিতে দুই পক্ষের বিরোধের পেছনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনও ভূমিকা রাখছে বলে জানা গেছে। সালাহউদ্দিন চৌধুরী সালামত ও মোবারক হোসেন দুজনই কালাপাহাড়িয়া ইউনিয়নের বাসিন্দা। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁরা দুজনই ওই ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী।
এর আগে গত ২১ অক্টোবর রাতে সোনারগাঁয়ে কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ফকির জহির রহমানকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় মোবারক হোসেনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। নিহত জহিরের পরিবারের সদস্যরা মামলায় তাঁকে আসামি করার চেষ্টা করলেও প্রভাবশালী একটি পক্ষের হস্তক্ষেপে তাঁর নাম ছাড়াই ঘটনার তিন দিন পর সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়।
এদিকে র্যালি শেষে সংঘর্ষ ও হামলার বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানিয়েছেন, এ ধরনের ঘটনার বিষয়ে পুলিশ অবগত নয়। এখন পর্যন্ত কেউ এ ঘটনায় অভিযোগও করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।














মন্তব্যসমূহ