বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও কয়েকটি কারখানায় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের কোনাবাড়ী শিল্পাঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেন। এ ঘটনায় সাতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর কাশিমপুর থেকে অর্ধশতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে জরুন এলাকার দিকে আসেন। এ সময় আশপাশের কয়েকটি কারখানা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন তাঁরা। তখন এসব কারখানায় উৎপাদন কার্যক্রম চলছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানার ভেতরে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা শ্রমিকদের ধাওয়া করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজিবি। একপর্যায়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিপেটা করে বিক্ষোভকারীদের সরিয়ে দেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, রোববার সকাল থেকে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে বেলা ৩টার দিকে একই দাবিতে মন্ডল গ্রুপের বেশ কয়েকজন শ্রমিক জরুন মোড়ে জড়ো হন। এ সময় তাঁরা ছয় থেকে সাতটি কারখানা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেন। ঘটনার পর সাতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্প পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে গাজীপুরের সাতটি কারখানা ছাড়া অন্য সব কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে।














মন্তব্যসমূহ