রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে এক দিনে ৫২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ইয়াবা, হেরোইন, গাঁজা ও দেশীয় মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিভিন্ন অভিযোগে ৪০টি মামলা দায়ের করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন গ্রেপ্তার ও মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৬৬ জন মিরপুর বিভাগ থেকে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯৪ জন, গুলশানে ৫৩ জন, ওয়ারীতে ৪৯ জন, মতিঝিলে ৪৬ জন, লালবাগে ৪৩ জন, উত্তরা বিভাগে ৩৫ জন এবং রমনা বিভাগে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে আরও তিনজনকে।
অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১০০ গ্রাম হেরোইন, ১০ হাজার ৯২৪ পিস ইয়াবা, ২১ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার দেশীয় মদ।
আকতার হোসেন জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।














মন্তব্যসমূহ